বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন মনগড়া, অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ তথ্যগুলো মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার (৭ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে এ ধরনের মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে। পরম করুণাময় আল্লাহরর অশেষ রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন।
তিনি বলেন, বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছিল। এখন করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও তা অব্যাহত রয়েছে। আমরা সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

