রিয়াল মাদ্রিদকে নিয়ে মন্তব্যের জেরে শাস্তির মুখে পড়তে পারেন তেবাস



লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ করেছে দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)। রিয়াল মাদ্রিদের প্রচার কৌশলকে জার্মানিতে নাৎসি পার্টির ব্যবহৃত প্রচারপদ্ধতির সঙ্গে তুলনা করে তেবাস যে মন্তব্য করেছিলেন, তা ক্রীড়াঙ্গনের শালীনতা ও মর্যাদা রক্ষার বিধি লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তেবাসের ওই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। এর প্রতিবাদে একই দিন কঠোর বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। ক্লাবটি লা লিগা সভাপতির পদত্যাগও দাবি করে।

তবে নিজের বক্তব্যের ব্যাখ্যায় তেবাস জানিয়েছেন, তিনি রিয়াল মাদ্রিদের আদর্শ কিংবা ক্লাবটির সমর্থকদের সঙ্গে নাৎসি পার্টির কোনো তুলনা করেননি। তাঁর দাবি, মন্তব্যটি ছিল কেবল ক্লাবটির প্রচার কৌশল নিয়ে।

বৃহস্পতিবার সিএসডি জানায়, বিষয়টি স্পোর্টস ট্রাইব্যুনালের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তেবাসের বক্তব্য স্পেনের ক্রীড়া আইন ১০/১৯৯০-এর ৭৬.৪.বি অনুচ্ছেদের আওতায় পড়ে কি না, তা যাচাই করতে বলেছে সংস্থাটি। ওই বিধিতে ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতা ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞার মতো শাস্তি হতে পারে।

সিএসডির পদক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও প্রতিক্রিয়া জানান তেবাস। তিনি বলেন, তাঁর মন্তব্যে কোনো আদর্শের সঙ্গে তুলনা করা হয়নি; বরং আদর্শ ও প্রচারণার কৌশলের মধ্যে পার্থক্য রাখা হয়েছিল।

রিয়াল মাদ্রিদ লা লিগার প্রতিযোগিতার সততা নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেটির প্রসঙ্গও টানেন তেবাস। তাঁর বক্তব্য, এ ধরনের অভিযোগের ভিত্তিতে সিএসডি চাইলে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করতে পারে।

তেবাস লেখেন, প্রতিযোগিতার সুনাম রক্ষা করা তাঁর দায়িত্ব। যারা নিয়মিত প্রতিযোগিতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদের জবাব দেওয়াও সেই দায়িত্বের অংশ বলে মন্তব্য করেন তিনি।

রিয়াল মাদ্রিদ ও তেবাসের বিরোধ অবশ্য নতুন নয়। গত সেপ্টেম্বরে রেফারিং নিয়ে ক্লাবটির অভিযোগের জবাবে তেবাস বলেছিলেন, মাঠের ব্যর্থতা আড়াল করতেই এসব অভিযোগকে ধোঁয়াশা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে লা লিগার জন্য নতুন সভাপতি নিয়োগের দাবিও তুলেছিল স্প্যানিশ ক্লাবটি।

২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করছেন ৬৪ বছর বয়সী তেবাস। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। তাঁর বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।