প্রস্তুত ম্যাচে জয়, এবার চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন



বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা কীভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে, তার এক নিখুঁত প্রতিচ্ছবি দেখা গেল আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে। আক্রমণে ধার, মাঝমাঠে নিয়ন্ত্রণ, রক্ষণে স্থিরতা; সবকিছুর সঙ্গে যোগ হলো সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্যটি। চোটের শঙ্কা কাটিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি, গোল করলেন, আর দলকে আরও আত্মবিশ্বাসী করে তুললেন। শেষ পর্যন্ত আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রস্তুতি পর্ব শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুটা অবশ্য সতর্কবার্তাই দিয়েছিল আর্জেন্টিনাকে। তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণে গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আইসল্যান্ড। ফাঁকা পোস্ট লক্ষ্য করে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন এলার্টসন।

 

সেই ভুলের মূল্য দিতে বেশি সময় লাগেনি। অষ্টম মিনিটে নিজেদের রক্ষণভাগে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় আইসল্যান্ড। সুযোগ বুঝে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে জাল কাঁপান ভালেন্তিন বার্কো। জাতীয় দলের হয়ে নিজের উত্থানকে আরও দৃঢ় করলেন ২১ বছর বয়সী এই তরুণ।

এরপরও সুযোগের পর সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। হোসে লোপেস, নিকো পাস ও জুলিয়ানো সিমেওনেরা গোলের কাছাকাছি পৌঁছালেও ব্যবধান বাড়াতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় এক গোলের লিড নিয়েই।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়েও আক্রমণের গতি কমায়নি লিওনেল স্কালোনির দল। তবে পুরো স্টেডিয়াম অপেক্ষা করছিল এক বিশেষ মুহূর্তের জন্য। ৬৯তম মিনিটে যখন বেঞ্চ ছেড়ে মাঠে নামলেন লিওনেল মেসি, তখন ৮৮ হাজার দর্শকের উল্লাস যেন ম্যাচের আবহই বদলে দেয়।

মাঠে নামার পর সময় নিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দারুণ এক পাসে লাউতারো মার্তিনেসকে সুযোগ তৈরি করে দেন তিনি। মার্তিনেসকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলরক্ষক দিক ঠিক করেও ঠেকাতে পারেননি তার শট।

শেষ আঘাতটি আসে ৮৬তম মিনিটে। দ্রুতগতির আক্রমণে মেসির পাস থেকে বল পান রদ্রিগো দে পল। তার নিখুঁত বাড়ানো বলে সহজ ফিনিশে গোল করেন থিয়াগো আলমাদা। নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।

এই ম্যাচের সবচেয়ে বড় স্বস্তির জায়গা অবশ্য ফল নয়, মেসির ফেরা। ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে পেশির অস্বস্তিতে মাঠ ছাড়ার পর তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে তার সাবলীল উপস্থিতি সেই দুশ্চিন্তা অনেকটাই দূর করে দিল।

দুটি জয়, আত্মবিশ্বাসী ফুটবল এবং মেসির প্রত্যাবর্তন; সব মিলিয়ে প্রস্তুতি পর্বটা স্বপ্নের মতোই শেষ করল আর্জেন্টিনা। এবার তাদের চোখ মূল মঞ্চে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা ধরে রাখার লড়াই। আর সেই অভিযানের আগে মেসিরা যেন জানিয়ে দিলেন, এখনও তাদের ক্ষুধা ফুরিয়ে যায়নি।