রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক অভিযানে হামলা ও সরকারি অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার, ৩০ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
শুক্রবার, ৩০ অক্টোবর গ্রেপ্তার ২৬ আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। যাত্রাবাড়ী থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মহিন উদ্দিন জানান, শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন মো. আজমল, মো. সোলাইমান, মো. শান্ত, মো. জসীম উদ্দিন, সজিবুর রহমান আকবর, মো. ইকবাল মিয়া, মো. তানভীর আহমেদ, মো. রাশেদ, রকি আহমেদ সাগর, আলমগীর, শরীফ, সালাম ও মো. কালু মিয়া। এ ছাড়া সুমন্ত, মো. ফরহাদ, অপু, ভূঁইয়া, সাদ্দাম হোসেন, ইয়াছিন, চাঁন মিয়া, মো. ফজলান, মো. আব্দুল করিম, গোলাম রাব্বী, মো. ছিদ্দিক, মিনু ও শিল্পী বেগমকেও কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার, ২৭ অক্টোবর সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) একটি দল যাত্রাবাড়ী থানার আউটফল স্টাফ কোয়ার্টার্সের পরিত্যক্ত ভবনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। সেখান থেকে ভুট্টো, নাজির, আরমান ও আরিফ নামের চারজনকে ২৪৫ পিস ইয়াবা, ১২৯ পুরিয়া হেরোইন, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১ হাজার ৫৪০ টাকাসহ আটক করা হয়।
আটক চারজনকে নিয়ে আসার সময় তাঁদের ছিনিয়ে নিতে ১২০ থেকে ১৩০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ইটপাটকেল নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া ইট ও লাঠির আঘাতে উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলী মোল্লা মাথায় গুরুতর জখম হন এবং লোহার রডের আঘাতে নায়েক মো. ইমদাদুল হক আহত হন।
সহকর্মীদের রক্ষা করতে এগিয়ে গেলে এসআই আবু সালেহ মুসাকেও মারধর করা হয় এবং একপর্যায়ে সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের কার্যক্রম নিরাপদ রাখতে এবং সরকারি অস্ত্র রক্ষার্থে সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা কিছুটা সরে যায় এবং অভিযানকারী দল গোলাপবাগ মাঠের দক্ষিণ কোণে অবস্থান নেয়।
পরবর্তী সময়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এসআরবি-১০-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আহাদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
সূত্র: বাসস

