সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার দেশে ফিরছে। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট প্রথম দফায় নয়জনের মরদেহ দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিচয় শনাক্তে সময় লাগে। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।
রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়েছে। সেখানকার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।
নিহত সাতজন হলেন নওগাঁর মো. শাহিন, মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব, মো. সাগর আলী এবং নাটোরের মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

