কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করেও কেবল পরিচিত সাইটে ঢুকেই ওয়েবসাইটে সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকিতে পড়েছিলেন লাখো ইন্টারনেট ব্যবহারকারী। সেবাদাতা প্রতিষ্ঠান অপ্টিমাইজলির কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে বিবিসি, সিএনএন, জুম, এইচএসবিসি, ইকুইফ্যাক্স এবং আইকিয়াসহ একশ আটাত্তরটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ঢুকিয়ে দিয়েছিল হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা)-র তথ্য অনুযায়ী, আধুনিক ওয়েবসাইটগুলো গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন তৃতীয় পক্ষের বা থার্ড-পার্টি স্ক্রিপ্ট ব্যবহার করে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআই মোট এক হাজার ছয়শ এগারোটি অপ্টিমাইজলি স্ক্রিপ্ট পরীক্ষা করে একশ অষ্টআশিটি স্ক্রিপ্টের ভেতর লুকানো ক্ষতিকর কোড শনাক্ত করেছে।
যেভাবে তথ্য চুরির ফাঁদ পাতা হয়েছিল
গবেষকেরা জানিয়েছেন, ওয়েবসাইটগুলোতে যুক্ত করা ক্ষতিকর কোডটি মূলত ডিজিটাল ওয়েব স্কিমার হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল।
কোনো ব্যবহারকারী আক্রান্ত ওয়েবসাইটের ফর্মে কেনাকাটা বা নিবন্ধনের সময় ক্রেডিট কার্ডের নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং গোপন নিরাপত্তা কোড লিখলে তা আড়াল থেকে চুরি করার সক্ষমতা ছিল এই স্ক্রিপ্টের। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের ওয়ালেটের ঠিকানা বদলে হ্যাকারদের নিজস্ব ঠিকানা বসিয়ে দেওয়ার কৌশলও এতে যুক্ত ছিল।
এমনকি অ্যাপলের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ব্রাউজারে কোরুনা এবং ডার্কসোর্ড নামের বিশেষ এক্সপ্লয়েট টুল পাঠানোর চেষ্টাও চালিয়েছিল হামলাকারীরা।
তবে স্বস্তির বিষয় হলো, এই হামলার মাধ্যমে বাস্তবে কোনো ব্যবহারকারীর আইফোন বা আইপ্যাডের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাওয়ার প্রমাণ পাননি নিরাপত্তা বিশ্লেষকেরা। ঘটনাটি ধরা পড়ার পরপরই অপ্টিমাইজলি কর্তৃপক্ষ নিরাপত্তা ত্রুটি সারিয়ে ফেলেছে, সক্রিয় সেশনগুলো বাতিল করেছে এবং ক্লাউডফ্লেয়ারের সহায়তায় ক্ষতিকর ডোমেইনগুলো ব্লক করে দিয়েছে।
সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের করণীয়
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় এ ধরনের ঘটনাকে সাপ্লাই চেইন সাইবার হামলা বলা হয়, যেখানে মূল ওয়েবসাইট হ্যাক না করে তাদের ব্যবহৃত বাইরের সফটওয়্যারকে নিশানা করা হয়।
মার্কিন সংস্থা সিসার নির্দেশনা অনুযায়ী, এ ধরনের অদৃশ্য ঝুঁকি থেকে বাঁচতে মুঠোফোন ও কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজার সব সময় সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখা জরুরি, কারণ নতুন আপডেটে ব্রাউজারের নিরাপত্তা ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া অনলাইনে কেনাকাটার সময় মূল ব্যাংক অ্যাকাউন্টের কার্ডের বদলে সীমিত ব্যালেন্সের প্রিপেইড বা ভার্চুয়াল কার্ড ব্যবহার করা, ব্রাউজারে অপ্রয়োজনীয় কুকি ও এক্সটেনশন বন্ধ রাখা এবং ব্যাংক লেনদেনের ক্ষুদেবার্তা তাৎক্ষণিকভাবে যাচাই করার অভ্যাস গড়ে তুললে বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব।
সূত্র: যুক্তরাষ্ট্রের সিসা

