অপরিচিত নম্বর থেকে ঘন ঘন বিজ্ঞাপনের কল আসা, অর্ডার না করা পণ্যের ডেলিভারি বার্তা পাওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর মাধ্যমে আর্থিক প্রতারণার ঘটনা এখন নিত্যদিনের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত তথ্যের অসতর্ক ব্যবহার এবং ডেটা কেনাবেচার কারণে সাধারণ মানুষের মোবাইল নম্বর প্রতারকদের হাতে চলে যাচ্ছে। তাই নিরাপদ থাকতে হলে ফোন নম্বর ও ডিপফেক প্রতারণা কীভাবে কাজ করে এবং কীভাবে এসবের উৎস যাচাই করতে হয়, সে সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে, স্প্যামার ও প্রতারকদের হাতে মানুষের ফোন নম্বর পৌঁছানোর পেছনে একাধিক কারণ রয়েছে। অনেক সময় বিভিন্ন অনলাইন সেবায় অ্যাকাউন্ট খোলার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডেটাবেইজ হ্যাক হলে বা তথ্য চুরি হলে গ্রাহকদের নম্বর ফাঁস হয়ে যায়। এ ছাড়া স্বয়ংক্রিয় রোবোকল প্রযুক্তির মাধ্যমে এলোমেলোভাবে নম্বর ডায়াল করে সচল নম্বর খুঁজে বের করে প্রতারক চক্র। গ্রাহক সেই অপরিচিত কলে সাড়া দিলেই নম্বরটি সচল হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। কখনো কখনো আদালতের নথি, জমির দলিল কিংবা কোম্পানি নিবন্ধনের প্রকাশ্য তথ্য থেকেও নম্বর সংগ্রহ করা হয়।
স্প্যামারদের হাতে ফোন নম্বর পৌঁছানোর সবচেয়ে বড় উৎস হলো ডেটা ব্রোকার বা তথ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কেনাবেচা। বিভিন্ন কোম্পানির লয়্যালটি প্রোগ্রামে যোগ দেওয়া, অনলাইন প্রতিযোগিতায় অংশ নেওয়া কিংবা অপরিচিত ওয়েবসাইটে নিবন্ধনের সময় ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রে না পড়েই শর্তাবলির চেকবক্সে টিক চিহ্ন দিয়ে ফেলেন। এর মাধ্যমে নিজের অজান্তেই তাঁরা তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রির অনুমতি দিয়ে দেন। পাশাপাশি ভুয়া লগইন পেজ, নকল অ্যাপ কিংবা ভুয়া চাকরির বিজ্ঞাপনে ফিশিং প্রতারণার মাধ্যমেও নম্বর চুরি হয়।
এই ঝুঁকি কমাতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকাশ্য প্রোফাইলে ফোন নম্বর গোপন রাখা, অতিরিক্ত বিজ্ঞাপনযুক্ত অপরিচিত ওয়েবসাইটে নিবন্ধন এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় চেকবক্সে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার বিশ্লেষকেরা। নিজের ইমেইল বা তথ্য কোনো ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কি না, তা হ্যাভ আই বিন পনড ওয়েবসাইটে পরীক্ষা করা যায় এবং গুগলে উদ্ধৃতি চিহ্নের ভেতর নিজের ফোন নম্বর লিখে সার্চ করেও দেখা যায় সেটি অনলাইনে উন্মুক্ত আছে কি না।
ফোন প্রতারণার পাশাপাশি এখন বড় বিপদ হয়ে উঠেছে এআই দিয়ে তৈরি ডিপফেক ছবি, কণ্ঠস্বর ও ভিডিও। দ্য ডেইলি স্টার বাংলার প্রতিবেদনে অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডভিপিএনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মারিজুস ব্রিয়েডিস জানান, আগে হাতে অতিরিক্ত আঙুল বা চোখের অস্বাভাবিকতা দেখে এআই ছবি চেনা গেলেও এখন প্রযুক্তির উন্নতিতে সেই ত্রুটিগুলো আর সহজে চোখে পড়ে না। এমনকি পরিবারের কোনো সদস্যের কণ্ঠস্বর নকল করে ফোনে জরুরি অর্থ চাওয়ার মতো ভয়েস ক্লোনিং প্রতারণাও বাড়ছে। ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান মিটিগার গবেষণা পরিচালক রোই শেরম্যান এবং নিউজগার্ডের জ্যেষ্ঠ সম্পাদক সোফিয়া রুবিনসন জানান, খণ্ডিত ভিডিওতে মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয় এবং গুগলের এআই সার্চও কখনো কখনো ভুল ছবিকে ভুল ঘটনার সঙ্গে যুক্ত করে ফেলে।
তাই কেবল চোখের দেখায় বা এআই অর নটের মতো শনাক্তকারী টুলের ওপর শতভাগ ভরসা না করে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবির পুরোনো ইতিহাস ও তথ্যের মূল উৎস যাচাই করতে হবে। কোনো পোস্ট দেখে হঠাৎ ভয় বা ক্ষোভ তৈরি হলে কিংবা কেউ ফোনে দ্রুত অর্থ পাঠানোর জন্য চাপ দিলে থামতে হবে এবং পরিবারের সদস্যদের জন্য একটি গোপন সাংকেতিক শব্দ নির্ধারণ করে সত্যতা মিলিয়ে দেখতে হবে। নিশ্চিত না হয়ে কোনো সন্দেহজনক কনটেন্ট শেয়ার না করার জন্যও পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা।

