বাংলাদেশের প্রথম রেলপথের স্মৃতি বহন করছে কুষ্টিয়ার জগতি



বাংলাদেশের প্রথম রেলপথের স্মৃতি বহন করছে কুষ্টিয়ার জগতি

কয়লার ধোঁয়া উড়িয়ে লোহার পাতের ওপর দিয়ে বাষ্পীয় ইঞ্জিনের ঝিকঝিক শব্দে বাংলার জনপদ প্রথম কেঁপে উঠেছিল আজ থেকে ঠিক একশ চৌষট্টি বছর আগে। আঠারোশ বাষট্টি সালের পনেরোই নভেম্বর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল রেল যোগাযোগের যাত্রা।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এক এক কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইন চালুর মধ্য দিয়ে এ দেশের পরিবহন, ব্যবসা ও মানুষের যাতায়াত ব্যবস্থায় সূচিত হয়েছিল এক নতুন অধ্যায়।

ব্রিটেনে আঠারোশ পঁচিশ সালে বিশ্বের প্রথম রেলগাড়ি চালুর মাত্র সাঁইত্রিশ বছরের মাথায় পূর্ব বাংলায় রেলপথ পৌঁছে যায়। এর ধারাবাহিকতায় কুষ্টিয়া শহরের অদূরে অবস্থিত জগতি স্টেশনটি বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম রেলস্টেশন হওয়ার গৌরব অর্জন করে।

ভারতীয় উপমহাদেশে রেলপথ স্থাপনের প্রাথমিক উদ্যোক্তা ছিলেন ব্রিটিশ পুরৌশলী আর এম স্টিফেনসন। তাঁর প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি আঠারোশ চুয়ান্ন সালে হাওড়া থেকে রাণীগঞ্জ পর্যন্ত কয়লা পরিবহনের জন্য প্রথম রেললাইন চালু করে।

তবে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রেলপথ নির্মাণের ধারণাটি প্রথম সামনে আনেন সামরিক প্রকৌশলী কর্নেল জে পি কেনেডি। আঠারোশ বায়ান্ন সালে তিনি কলকাতা থেকে সুন্দরবনের পাশ দিয়ে পদ্মা নদীর পূর্ব তীর হয়ে ঢাকা পর্যন্ত রেলপথ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন।

আঠারোশ চুয়ান্ন সালে বার্মা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর সামরিক ও বাণিজ্যিক কারণে পূর্ব বাংলায় দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়।

আঠারোশ পঞ্চান্ন সালে বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের মেজর অ্যাবার ক্রমবি এবং লেফটেন্যান্ট জেরাল্ড হেড মাঠপর্যায়ে জরিপ চালিয়ে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামের নতুন কোম্পানির সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে জ্যেষ্ঠ রেল প্রকৌশলী মিস্টার পার্ডনের তত্ত্বাবধানে চূড়ান্ত নকশা ও ব্যয় প্রাক্কলন তৈরি করা হয়।

ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে প্রথমে আঠারোশ বাষট্টি সালের ঊনত্রিশে সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট অংশ চালু করে। এর দেড় মাসের মাথায় পনেরোই নভেম্বর রানাঘাটের ধারাবাহিকতায় দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত এক হাজার ছয়শ ছিয়াত্তর মিলিমিটার প্রস্থের ব্রডগেজ লাইনটি সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়া হয়।

তখন ঢাকা বা নারায়ণগঞ্জের মানুষ নদীপথে স্টিমারে চড়ে পদ্মা পাড়ি দিয়ে জগতি বা কুষ্টিয়ায় এসে কলকাতাগামী ট্রেনে উঠতেন।

তবে প্রকৃতির ভাঙাগড়ার খেলায় আঠারোশ সাতষট্টি সালে পদ্মা নদীর তীব্র ভাঙনে আদি কুষ্টিয়া টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে স্টেশনটি গড়াই নদীর তীরে সরিয়ে নেওয়া হয়। এরপর আঠারোশ একাত্তর সালের পহেলা জানুয়ারি জগতি থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পর্যন্ত পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন চালু হলে কলকাতা ও ঢাকার মধ্যকার নদী-রেল সমন্বিত যোগাযোগ আরও সহজ হয়ে ওঠে।

পরবর্তীতে আঠারোশ চুরাশি সালের পহেলা জুলাই ব্রিটিশ সরকার ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় এবং এর পরের বছর আঠারোশ পঁচাশি সালে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত একশ চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ মিটারগেজ রেলপথ চালু হয়, যার প্রধান লক্ষ্য ছিল কাঁচা পাট পরিবহন।

উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে তুলতে আঠারোশ চুয়াত্তর থেকে আঠারোশ ঊনআশি সালের মধ্যে পদ্মার বাম তীরের সারা থেকে চিলাহাটি পর্যন্ত দুইশ পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ নর্দান বেঙ্গল স্টেট রেলওয়ে নির্মিত হয়।

তখন পদ্মার এক তীরের দামুকদিয়া থেকে অন্য তীরের সারা ঘাট পর্যন্ত রেলওয়ের নিজস্ব স্টিমার ফেরিতে যাত্রী পারাপার করা হতো। সেই বিশাল রেল নেটওয়ার্কের প্রথম বীজটি বোনা হয়েছিল কুষ্টিয়ার এই জগতি স্টেশনেই।

দেড় শতাব্দীর বেশি সময় আগে যে জগতি স্টেশনকে ঘিরে ব্যবসায়ী, ব্রিটিশ প্রকৌশলী ও সাধারণ যাত্রীর কোলাহল মুখর থাকত, কালের বিবর্তনে সেই স্টেশনটি আজ অনেকটাই নীরব।

ব্রিটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত লাল ইটের দোতলা পুরোনো ভবন, বাষ্পীয় ইঞ্জিনে পানি সরবরাহের জন্য তৈরি উঁচু লোহার পানির ট্যাংক এবং প্রাচীন সিগন্যাল পোস্টগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে যথাযথ সংস্কারের অভাবে শতবর্ষী ভবনগুলোর দেয়ালে বটগাছের শিকড় গজিয়েছে এবং পলেস্তারা খসে পড়ছে।

বর্তমানে হাতেগোনা দু-একটি লোকাল বা মেইল ট্রেন ছাড়া আন্তঃনগর ট্রেনগুলো জগতি স্টেশনে না থেমেই হুইসেল বাজিয়ে পেরিয়ে যায়।

ইতিহাসবিদ ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, বাংলাদেশের রেল যোগাযোগের সূতিকাগার হিসেবে জগতি স্টেশনটিকে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ঘোষণা করে একটি পূর্ণাঙ্গ রেল জাদুঘর গড়ে তোলা হোক, যাতে নতুন প্রজন্ম এ দেশের প্রথম রেলপথের গৌরবময় সূচনার ইতিহাস কাছ থেকে জানতে পারে।