দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যেই এবার রাজধানীবাসী যাতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত না হন সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, ‘এ বছর ইনশাআল্লাহ আমরা ডেঙ্গুর প্রকোপ থেকে ঢাকাবাসীকে মুক্ত রাখতে পারবো। এজন্য আমরা আমাদের মশকনিধনের গতানুগতিক কার্যক্রমকে ঢেলে সাজিয়েছি।’
রোববার (৭ জুন) সকালে নবাবগঞ্জ পার্কে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মেয়র বলেন, ‘আমাদের ইশতেহার অনুযায়ী যে পাঁচটি রূপরেখা দিয়েছি তা বাস্তবায়ন করতে আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমি নির্বাচনের সময় বলেছিলাম, মশক নিধন সামান্য সময়ের কোনও কার্যক্রম না, এটি বছরব্যাপী কার্যক্রম।
আজ স্বল্প সময়ের মধ্যেই মশকনিধনের এই ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। গতানুগতিক আমাদের মশকনিধনের যে কার্যক্রম সেটাকে ঢেলে সাজিয়েছি। সেই পরিকল্পনা আজ থেকে সঠিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।’
মশকনিধন তৎপরতা বাড়ানোর বিষয়ে তিনি আরও বলেন, ‘আগে গতানুগতিকভাবে সকাল ৮টার সময় মশা নিধনের জন্য লার্ভিসাইডিং করা হতো।
এখন থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা লার্ভিসাইডিং করা হবে। অপরদিকে মাগরিবের সময় শুধু একঘণ্টা ফগার মেশিনে ধুয়া দিয়ে মশকনিধন করা হতো। এখন থেকে দুপুর আড়াইটায় থেকে সন্ধ্যা পর্যন্ত চার ঘণ্টা মশকনিধন কার্যক্রম চলবে।
তাপস বলেন, ‘আমরা মহামারি করোনার মাঝে আমাদের ঢাকাবাসীকে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপে আক্রান্ত করতে চাই না।
করোনাভাইরাসসহ অন্য কোনও সংক্রামক ব্যাধিতে যাতে ঢাকাবাসী আক্রান্ত না হয়, তারা যেন সঠিক স্বাস্থ্যসেবা বা চিকিৎসা পায় সেজন্য আমাদের স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাচ্ছি।

