শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররমের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সমমনা ইসলামী দলসমূহ। সমমনা ইসলামী দলসমূহের মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুসলিম লীগ ও ইসলামি ঐক্য আন্দোলন।
সংগঠনগুলোর উদ্যোগে জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে সমমনা ইসলামী দলসমূহের নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, বাংলাদেশের জনগণ মোদিকে বাংলাদেশে দেখতে চায় না। বাংলাদেশে মোদির আমন্ত্রণ বাতিল করা হোক।
মোদির আমন্ত্রণ বাতিল না হলে ১২ মার্চ সারা দেশে মানববন্ধনের ঘোষণা দেন নূর হোসাইন। সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে প্রতিহত করার ঘোষণা দেয় সমমনা ইসলামী দলসমূহ। কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত এ ফোরামটি সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানায়, মোদির ঢাকা সফর সম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করবে।

