আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলার কারণ অজানা



সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আসিফ আকবরের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরে বিস্তারিত জানানো হবে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।