রাজপুত গরিমা যায় যায় রব তুলে যারা এত দিন ধরে উন্মত্ত তাণ্ডব চালালো, আগুন-ভাঙচুর এমনকী স্কুলবাসে পর্যন্ত হামলা চালাতে যারা দ্বিধা করেনি— এ বার তাদের মনে হল— না, ‘পদ্মাবত’ নামক সিনেমাটি তাদের অর্থাৎ রাজপুতদের মহিমান্বিতই করেছে।
নিবার ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’র মুম্বই শাখার নেতা যোগেন্দ্র সিংহ কাটার জানিয়েছেন, আগের দিন অর্থাত্ শুক্রবার মুম্বইয়ে তাঁদের কয়েকজন সদস্য ছবিটি দেখেছেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের জাতীয় সম্পাদক সুখদেব সিংহ গোগামেড়ি। ছবিটি দেখার পর তাঁদের মনে হয়েছে, ‘পদ্মাবত’ রাজপুত ঐতিহ্যকে উজ্জ্বল আলোতেই দেখিয়েছে। তুলে ধরেছে রাজপুতদের আত্মত্যাগকে। প্রত্যেক রাজপুত নাকি ছবিটি দেখে গর্বও অনুভব করবেন। এমনকী তাঁদের মতে, দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এবং রানি পদ্মিণীর মধ্যেও এমন কোনও আপত্তিকর দৃশ্য নেই, যেটা রাজপুতদের ভাবাবেগে আঘাত করবে! যোগেন্দ্র লিখিত বার্তায় জানিয়েছেন, তাঁরা প্রতিবাদের অবস্থান থেকে সরে আসছেন। এমনকী রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং গুজরাতে যাতে ছবিটি মুক্তি পেতে পারে, সে জন্য প্রশাসনকে অনুরোধও করবেন তাঁরা।
ছবির পরিচালককে থাপ্পড় মারা, সেটে ভাঙচুর ইত্যাদি-ইত্যাদি দিয়ে শুরু হয়েছিল এদের ‘পদ্মাবতী’ বিরোধিতা। তার পর কেউ রণবীরের ঠ্যাং ভাঙার হুমকি দিয়েছেন, কেউ ভন্সালীর মাথা কেটে আনলে পুরস্কার ঘোষণা করেছেন, কেউ বা দীপিকার নাক কাটার কথা বলেছেন। আর ‘পদ্মাবত’ হয়ে সেই ছবি মুক্তির সময়, বিরোধিতা রূপ নিল আরও হিংস্র তাণ্ডবে।
আশ্চর্যের বিষয়টা হল, দেশের চার-চারটে রাজ্যের সরকার এই ইস্যুতে তাণ্ডবকারীদের নৈতিক এমনকী প্রশাসনিক সমর্থন পর্যন্ত দিয়ে বসল। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত এবং হরিয়ানা সরকার ‘নিষিদ্ধ ঘোষণা’ করল পদ্মাবতকে। সুপ্রিম কোর্টে এই নিষেধাজ্ঞা বেআইনি সাব্যস্ত হওয়ার পরও, ওই চার রাজ্যে কিন্তু মুক্তি পায়নি ছবিটি। কার এত হিম্মত যে সরকার, ক্ষমতাসীন দল এবং করণী সেনাদের মতো প্রতাপশালীদের বিরাগভাজন হবেন!
এ পর্যন্ত সব এক ভাবেই চলছিল। হঠাত্ এই রাজপুত ‘সৈনিক’দের একাংশের মত এবং ভোল বদল হল ছবি মুক্তি পাওয়ার ঠিক এক সপ্তাহের মাথায়। করণী সেনার এখন তিনটে গোষ্ঠী রয়েছে। ‘শ্রী রাজপুত করণী সেনা’, ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’ এবং ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা সমিতি’। ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা’র এখন মনে হচ্ছে, ‘পদ্মাবত’ রাজপুতদের শৌর্য এবং আত্মত্যাগ বা আত্মবলিদানকে মহিমান্বিতই করেছে! এমনকী সানন্দে ছবিটি প্রচারের দায়িত্বও নিতে চাইছে তারা!
