১৫০০ ডলার ছাড়াতে পারে স্বর্ণের সর্বোচ্চ স্পটমূল্য



২০১৭ সালটি স্বর্ণের বাজারে বিনিয়োগের জন্য আদর্শ বছর হিসেবে বিবেচিত হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকতে পারে চলতি বছরও। ২০১৮ সালে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৫০০ ডলার ছাড়াতে পারে। আর এ সময় প্রতি আউন্স স্বর্ণের সর্বনিম্ন দাম দাঁড়াতে পারে ১ হাজার ১২০ ডলার।
সব মিলিয়ে দামের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও ২০১৮ সালে ফুলেফেঁপে উঠতে পারে স্বর্ণের বাজার। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) জরিপভিত্তিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুলিয়ন মার্কেটের সঙ্গে সম্পৃক্ত ৩৪ জন স্বনামধন্য বিশ্লেষক ও বিনিয়োগকারী এলবিএসএর জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে অর্ধেকই ২০১৮ সালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের স্পটমূল্যে বড় ধরনের উত্থানের সম্ভাবনার কথা জানিয়েছেন। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় ভাগে (জুলাই-ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য বর্তমানের তুলনায় বেড়ে ১ হাজার ৫১০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে উত্থান-পতনের মধ্য দিয়ে বছরের প্রথম ভাগ পার করতে পারে মূল্যবান ধাতুটির বাজার। তবে এ সময় প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ১২০ ডলারের নিচে নামার সম্ভাবনা নেই।
এলবিএমএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারির শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ৫০ ডলারের কাছাকাছি অবস্থান করেছিল, যা গত বছর মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দাম। এরপর থেকে স্বর্ণের স্পটমূল্য বাড়তে শুরু করে। মার্চের শুরুতে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ২০০ ডলারে পৌঁছে যায়।
উত্থান-পতনের ধারাবাহিকতায় এপ্রিলের শুরুতে ও জুনের মধ্যভাগে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ২৫০ ডলার ছাড়িয়ে যায়। পরবর্তীতে সেপ্টেম্বরের শুরুতে স্বর্ণের স্পটমূল্য বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়। এ সময় প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয়েছিল ১ হাজার ৩৫০ ডলারের বেশিতে।
চলতি বছরের শুরুতে মূল্যবান ধাতুটির দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৩০০ ডলারের সামান্য কমে। তবে ফেব্রুয়ারির শুরুতে স্বর্ণের স্পটমূল্য আউন্সপ্রতি ১ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে। আগামী দিনগুলোয় মূল্যবান ধাতুটির দামে তেজিভাব বজায় থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।