বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাত্রাপথে তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের বাধা ও ধরপাকড়ের অভিযোগ উঠেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা খবর পাচ্ছি, ম্যাডামের গাড়িবহর সিলেট যাওয়ার পথে পুলিশ নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতেই দিচ্ছে না। বিভিন্ন জায়গায় গ্রেপ্তার অভিযান চলছে।”
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আটক করা হয়েছে মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ দশ জনকে। নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াসহ ১৩ নেতাকর্মীকে আটকের কথা দলটির পক্ষ থেকে বলা হলেও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও, নংসিংদীর বেলানগর ও কামারটেকের কাছে রাস্তায় থাকা বিএনপি নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নেতাকর্মীরা যাতে রাস্তায় আসতে না পারে, সেজন্য কোথাও কোথাও তাদের গলিতে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন রিজভী।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন নারায়ণগঞ্জের বিএনপি নেতা সাখাওয়াত। এ সময় পুলিশ সেখান থেকে সাখাওয়াতসহ চারজনকে আটক করে।
পুলিশের বাধায় মহাসড়কে আসতে না পেরে বিভিন্ন গলিতে থেকে স্লোগান দিয়ে খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায় নেতা-কর্মীদের। বেলা সাড়ে ১১টা দিকে নরসিংদীর ভেলানগর জেলা কারাগারের কাছে পুলিশ বেষ্টনীর বাইরে একদল যুব্ক নৌকা নৌকা শ্লোগান দিয়ে মিছিল শুরু করে। ওই মিছিল থেকে খালেদা জিয়ার উদ্দেশ্যে জুতাও দেখানো হয়। গাড়িবহর দ্রুত ওই এলাকা পার হওয়ার সময় পেছনে একটি গাড়ির ওপরও হামলার চেষ্টা হয় বলে বহরে থাকা বিএনপি নেতাদের অভিযোগ।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, তাদের চেয়ারপারসনের গাড়িবহর নরসিংদী পার হওয়ার সময় বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে নরসিংদী শহর, মাধবদী ও শিবপুর থেকে দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়াসহ ১৩ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সহ- সভাপতি সুলতান উদ্দিন মোল্লাও রয়েছেন বলে খোকনের ভাষ্য। তবে জেলা পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।
ভোটের বছরের শুরুতে দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই হয়রত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া ৯টায় তার গাড়িবহর গুলশানের বাসা থেকে রওনা হয়ে যানজটে ডিঙিয়ে সাড়ে ১০টার দিকে সোনারগাঁও পার হয়। সংবাদকর্মীদের গাড়িসহ ৩০ থেকে ৩৫টি গাড়ি রয়েছে খালেদার বহরে।
