ঊর্ধ্বমুখী কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার



জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে তেজিভাব দেখা গেছে। এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সব ধরনের কৃষিপণ্যের দাম আগের মাসের তুলনায় বেড়েছে। তবে জানুয়ারিতে হার্ড রেড উইন্টার হুইটের বাজারে সবচেয়ে বেশি তেজিভাব দেখা গেছে। একইভাবে বেড়েছে সফট রেড উইন্টার হুইট, ভুট্টা ও সয়াবিনের দামও।
মূলত উৎপাদনকারী অঞ্চলগুলোর বৈরী আবহাওয়ার জের ধরে সরবরাহ সংকটের আশঙ্কা থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে তেজিভাব বজায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সিবিওটির মাসভিত্তিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারিতে গমের বাজার তুলনামূলক বেশি চাঙ্গা ছিল। এ সময় তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) হার্ড রেড উইন্টার হুইটের গড় দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৬৭ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে সফট রেড উইন্টার হুইট বিক্রি হয়েছে বুশেলপ্রতি ৪ ডলার ৫১ সেন্টে। আগের মাসের তুলনায় খাদ্যপণ্যটির দাম বুশেলপ্রতি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
একই চিত্র দেখা গেছে ভুট্টা ও সয়াবিনের বাজারেও। সিবিওটিতে গত জানুয়ারিতে তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম ছিল ৩ ডলার ৬১ সেন্ট। ২০১৭ সালের ডিসেম্বরের তুলনায় এ সময় ভুট্টার দাম বুশেলপ্রতি ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে সয়াবিনের গড় দাম বেড়েছে আগের মাসের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ। এ সময় সিবিওটিতে প্রতি বুশেল সয়াবিন গড়ে ৯ ডলার ৯৫ সেন্টে বেচাকেনা হয়েছে।
মেলবোর্নভিত্তিক অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডে ব্যাংকিং গ্রুপের এক নোটে বলা হয়েছে, চলতি মৌসুমে লাতিন আমেরিকার দেশগুলো ও যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর জের ধরে এসব অঞ্চলে গম, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন ব্যাহত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মূলত এ সম্ভাবনা থেকেই জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দাম আগের তুলনায় বেড়েছে।
তবে কৃষিপণ্যের দাম বাড়লেও ভিন্ন চিত্র দেখা গেছে ভোজ্যতেলের বাজারে। জানুয়ারিতে মালয়েশিয়ার বাজারে প্রতি টন পাম অয়েলের গড় দাম দাঁড়িয়েছে ২ হাজার ৪৯২ রিঙ্গিতে, যা আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশ কম।