পুরস্কার ঘোষণার পরেও প্রশ্ন ফাঁস



পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথা স্বীকার না করলেও প্রশ্ন ফাঁসের বিষয়ে ১১ সদস্যের উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। তবে এসব ঘোষণাকে কার্যত ব্যর্থ করে দিয়ে বিভিন্ন ফেইসবুক গ্রুপে চলছে এসএসসির প্রশ্ন ফাঁস ও এর বিজ্ঞাপন।
এমনকি প্রশ্ন ফাঁসে জড়িত কিছু গ্রুপের নাম গণমাধ্যমে আসায় বিষয়টিকে কৃতিত্ব হিসেবে দেখিয়ে নতুন উদ্যমে প্রচার চালাচ্ছে তারা।
চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পর সোমবার ইংরজি প্রথম পত্রের প্রশ্নও ফাঁস হয়। এখন চলছে ফেইসবুকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন। সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সাড়ে ৩ ঘণ্টা আগে ভোর ছয়টা ২৩ মিনিটে প্রশ্ন ইমেজ আকারে একটি ক্লোজড ফেইসবুক গ্রুপে ফাঁস করা হয়; উন্মুক্তভাবে পোস্ট দেওয়া হয় পরীক্ষা চলার সময়েও। পরে ফাঁস করা প্রশ্নের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ হতে না হতেই সোমবার দুপুর থেকেই অসংখ্য ফেইসবুক গ্রুপে শুরু হয়ে গেছে দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন। অনেকে পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলছে তারা দ্বিতীয় পত্র ফাঁস করবেই, কেউ ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ফাঁসের প্রমাণ দেখিয়ে চ্যালেঞ্জ করে বলছে পরীক্ষার এক থেকে দেড় ঘণ্টা আগে এমনকি আগের রাতেই প্রশ্ন দিবে। কেউ কেউ প্রশ্ন দেওয়ার বিনিময়ে কিছুই চাচ্ছে না।
এসএসসি পরীক্ষা শুরুর দিনই বাংলা প্রথমপত্র প্রশ্ন ফাঁস হয়েছে। প্রথম পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন এল ফেসবুকে। পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে সেই প্রশ্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হল।
শনিবার সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগে সকাল সোয়া ৯টার মধ্যেই উত্তর সহ ‘খ’ সেট বহুনির্বাচনী প্রশ্ন এসব গ্রুপে ফাঁস করা হলে তা ভাইরাল হয়ে যায়। এছাড়া ফেসবুক মেসেঞ্জারে সকাল ৯টা ১৬ তে একটি আইডি থেকেও উত্তর সহ ‘খ’ সেটের প্রশ্ন ইমেজ আকারে পাঠানো হয়। পরীক্ষা শেষে দেখা যায়, বহু নির্বাচনী প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন হুবহু মিলে গেছে। গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ১০০ ভাগ মেলার নিশ্চয়তা দিয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল ফেইসবুক গ্রুপে।
আরও পড়ুন; প্রশ্ন ফাঁস: জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার     
প্রশ্ন ফাঁস চলছেই    
প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক  
‘প্রশ্নফাঁসের সুযোগ নেই’