আজ খালেদা জিয়ার রায়; দেশজুড়ে উত্তেজনা



আগামীকাল ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী। একে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কথার উত্তেজনায় উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে।
রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রায় বিপক্ষে গেলে বিএনপি সমর্থকরা ঢাকায় জড়ো হয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে ব্যাপক তল্লাশির পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগরী এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে সব ধরনের মিছিল জমায়েত নিষিদ্ধ করার কথা মঙ্গলবারই জানিয়েছিল পুলিশ।
চট্টগ্রামের পুলিশও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বন্দরনগরীতে সব ধরনের দেশীয় অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট পর্যন্ত সড়কে বুধবার বিকাল ৪টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং জামায়াতের নেতা-কর্মীদের ধরপাকড় চলছেই। তবে পুলিশ বলছে, নাশকতায় আশঙ্কায় এবং বিভিন্ন মামলায় তাদের ধরা হচ্ছে।
ঢাকার বাইরে মাদারীপুর, বাগেরহাট, রাজবাড়ী, টাঙ্গাইল, নাওগাঁ, পিরোজপুর ও পঞ্চগড়ে নতুন করে ১৮৯ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ও আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত তাদের ধরা হয়। সংশ্লিষ্ট জেলার পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
আটকদের মধ্যে মাদারীপুরে ১০, বাগেরহাটে ৫০, রাজবাড়ীর ৩, টাঙ্গাইলে ৪৫, নওগাঁয় ৫৫, পঞ্চগড়ে ১৪ ও পিরোজপুরে ১২ জন রয়েছেন। এছাড়া সোমবার রাত থেকে সারা দেশে যানবাহন, মেস ও আবাসিক হোটেলগুলোতে অভিযান চলছে।
বাগেরহাটে পুলিশ অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াতের দশ নেতা কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নাশকতার অভিযোগে হওয়া নিয়মিত মামলায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ কাউকে হয়রানি করতে গ্রেপ্তার করছে না।
এছাড়া বৃহস্পতিবার সারা দিন সেবা বন্ধ থাকছে বলে পাঠাও, মুভ ও বাহনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেবা বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে বুধবার রাতে গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়েছে মটরসাইকেলের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ কর্তৃপক্ষ। এতে লেখা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পাঠাও রাইড সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ঢাকার কিছু নির্দিষ্ট এলাকায় পাঠাও ফুড সার্ভিস চালু থাকবে।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।
আরও পড়ুন;
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা    
জনসভামঞ্চে উঠেছেন খালেদা জিয়া   
খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ     
রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে: খালেদা জিয়া