গুগল গেম স্ট্রিমিং সেবা চালু করতে যাচ্ছে। এর কোড নাম হচ্ছে ইয়েতি। ক্রোমকাস্ট কিংবা গুগলের তৈরি কনসোলে এটি কাজ করবে। গেম স্ট্রিমিং সেবাটির উন্নয়ন কার্যক্রম এখনো চলছে। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে গত বুধবার দ্য ইরফরমেশন ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, নতুন সেবাটি গুগলকে ভিডিও গেমের ব্যবসায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে সহায়তা করবে। ডাউনলোড কিংবা ডিস্ক ব্যবহার না করে গ্রাহক সরাসরি গুগলের ভিডিও গেম খেলার সুবিধা পাবেন।
দ্য ইনফরমেশনের তথ্যমতে, গুগল তার ক্লাউড সার্ভার ব্যবহার করে গ্রাহকদের জন্য ইন্টারনেটে গেম ব্রডকাস্টের পরিকল্পনা নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েতি নিয়ে গেম ডেভেলপারদের সঙ্গে আলোচনা হয়েছে সার্চ জায়ান্টটির। তবে গুগল সেবার জন্য গেমসটির উন্নয়ন ঘটানো হবে কিনা তা স্পষ্ট নয়।
