জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বাড়ছে



বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার আগের বছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বাড়তে পারে। জ্বালানি পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এমনকি ২০১৮ সালে জ্বালানি পণ্যটির বৈশ্বিক ব্যবহার প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় বেশি হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওপেক।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক গড় ব্যবহারের পরিমাণ ছিল দৈনিক ৯ কোটি ৭০ লাখ ১০ হাজার ব্যারেল। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি পণ্যটির বৈশ্বিক গড় ব্যবহার বেড়ে দৈনিক ৯ কোটি ৭২ লাখ ৩০ হাজার ব্যারেলে দাঁড়াতে পারে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এর পরিমাণ আরো বেড়ে ৯ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ব্যারেল হতে পারে। বছরের পরবর্তী প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি পণ্যটির বৈশ্বিক গড় ব্যবহার দাঁড়াতে পারে ৯ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ব্যারেলে। আর ২০১৮ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জ্বালানি পণ্যটির বৈশ্বিক গড় ব্যবহার দাঁড়াবে ৯ কোটি ৯৯ লাখ ২০ হাজার ব্যারেল। সে হিসাবে পুরো ২০১৮ সালে বিশ্বব্যাপী দৈনিক গড়ে ৯ কোটি ৮৬ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার হতে পারে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। অর্থাৎ আগের বছরের তুলনায় ২০১৮ সালে বিশ্বব্যাপী দৈনিক গড়ে ১৫ লাখ ৯০ হাজার ব্যারেল অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার হতে পারে। এর আগের পূর্বাভাসে ২০১৮ সালে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় ব্যবহারের পরিমাণ ৯ কোটি ৮৫ লাখ ১০ হাজার ব্যারেল প্রাক্কলন করেছিল ওপেক। সে হিসাবে সাম্প্রতিক পূর্বাভাসে জ্বালানি পণ্যটির বৈশ্বিক গড় ব্যবহারের দৈনিক পরিমাণ ৯০ হাজার ব্যারেল বাড়িয়েছে ওপেক, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি।
চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় ব্যবহার দাঁড়াতে পারে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার ব্যারেলে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। ২০১৭ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় ব্যবহার দাঁড়িয়েছিল ২ কোটি ২ লাখ ৩০ হাজার ব্যারেলে। অন্যদিকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত চীনে গত বছর দৈনিক গড়ে ১ কোটি ২৩ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার হয়েছে। ২০১৮ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় ব্যবহার দাঁড়াতে পারে ১ কোটি ২৭ লাখ ১০ হাজার ব্যারেলে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৩৭ শতাংশ বেশি। চলতি বছর জ্বালানি পণ্যটির ব্যবহার প্রবৃদ্ধি বজায় থাকবে ভারতেও। ওপেকের প্রতিবেদন অনুযায়ী, এ সময় দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ৪৬ লাখ ৫০ হাজার ব্যারেলে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ১১ শতাংশ বেশি। ২০১৭ সালে ভারতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় ব্যবহারের পরিমাণ ছিল ৪৪ লাখ ৭০ হাজার ব্যারেল।
ওপেকের নোটে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি আগের তুলনায় গতিশীল হওয়ার কারণে ২০১৮ সালে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারে তেজিভাব দেখা যাবে। বাড়তি ব্যবহারের জের ধরে বেচাকেনা আগের তুলনায় বেশি হওয়ার কারণে যুক্তরাষ্ট্রসহ ওপেকবহির্ভূত দেশগুলোয় জ্বালানি পণ্যটির উত্তোলনও বাড়বে। তবে ওপেকভুক্ত দেশগুলো ও রাশিয়াসহ আরো কয়েকটি দেশে পণ্যটির উত্তোলন সীমিত থাকবে। এসব দেশ ওপেকের আওতায় জ্বালানি পণ্যটির বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তি মেনে চলায় বাড়তি উত্তোলনের ঝুঁকি নেবে না।