আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গম ও ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে। তবে এ সময় সয়াবিনের সাপ্তাহিক গড় দামে আগের সপ্তাহের তুলনায় তেজিভাব দেখা গেছে।
সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গমের গড় দাম ছিল ৪ ডলার ৫৩ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৫ সেন্ট কম। একই চিত্র দেখা গেছে ভুট্টার দামেও।
গত সপ্তাহে পণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় দশমিক ৩৪ শতাংশ কমেছে। সিবিওটিতে সপ্তাহ শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম ছিল ৩ ডলার ৬৭ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ২৫ সেন্ট কম।
তবে গম ও ভুট্টার দাম কমলেও এ সময় সয়াবিনের গড় দাম আগের তুলনায় বেড়েছে। সপ্তাহ শেষে মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম ছিল ১০ ডলার ৩৭ সেন্ট, যা আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ৭৫ সেন্ট বেশি। আগের সপ্তাহের তুলনায় এ সময় খাদ্যপণ্যটির গড় দাম ১ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।
টমসন রয়টার্সের পণ্যবাজার-বিষয়ক বিশ্লেষক ওয়াং তাও জানান, সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে কৃষিপণ্যের মূল্য নির্ধারণে আবহাওয়া গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের গম উৎপাদনকারী অঞ্চলগুলোয় আবহাওয়া পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হয়ে আসায় এসব অঞ্চল থেকে বাড়তি সরবরাহের সম্ভাবনায় গমের দাম আগের তুলনায় সামান্য কমেছে। ভুট্টার দামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
বাড়তি সরবরাহের সম্ভাবনা ও বেচাকেনা বেশি থাকার জের ধরে সিবিওটিতে খাদ্যপণ্যটির গড় দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আর সয়াবিনের মূল্য নির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করেছে আর্জেন্টিনায় বিদ্যমান বৈরী আবহাওয়ার খবর।
