সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই শেষ পর্যন্ত মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে লেনদেন বেড়েছে উভয় বাজারেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৪৮ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৮৩৫ দশমিক ৩৪ পয়েন্টে। ২০ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ২ হাজার ১৫২ দশমিক ৩৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৭ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৮ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ১৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৮৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৬৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২০৯টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৮৬ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৮২ দশমিক ৬৫ পয়েন্টে নেমে যায়। ১০৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৯১ দশমিক শূন্য ৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৬ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৬৩২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৭ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৬৯৭ টাকা।
