জ্বালানি তেলের দরপতন



আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির বাড়তি উত্তোলনের সম্ভাবনার খবরে গতকাল দেশটির বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের তুলনায় কমেছে।
তবে সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে সক্রিয় কূপের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে বলে জানিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে গতকাল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় দশমিক ৪৯ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৬১ ডলার ৭৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩০ সেন্ট কম।
অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৬১ শতাংশ। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬৫ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৪০ সেন্ট কম।
এদিকে দুবাইয়ের বাজারেও এদিন ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭৪ শতাংশ কমেছে। দুবাইয়ের বাজারে দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬২ ডলারে, যা আগের দিনের তুলনায় ৪৬ সেন্ট কম।
এদিকে ইআইএর সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে সক্রিয় কূপের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৬, যা আগের সপ্তাহের তুলনায় চারটি কম।