সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা



আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল খাদ্যপণ্যটির দাম আগের দিনের তুলনায় কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
মূলত মজুদ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজার থেকে শীর্ষ আমদানিকারক দেশ চীনে সয়াবিন রফতানি আগের তুলনায় কমার আশঙ্কা থেকে খাদ্যপণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
সিবিওটিতে গতকাল দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) সয়াবিন বিক্রি হয় ১০ ডলার ৩৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কম। দিনের শুরুতে সিবিওটিতে প্রতি বুশেল সয়াবিনের দাম ১০ ডলার ৩২ সেন্টে নেমে এসেছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারির পর এটাই সিবিওটিতে খাদ্যপণ্যটির সর্বনিম্ন দাম।
মেলবোর্নভিত্তিক কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার এক নোটে বলা হয়েছে, এবারের মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে সয়াবিনের মজুদ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ কারণে পণ্যটির বাজারে আগে থেকেই নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। এখন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে চীনে খাদ্যপণ্যটির রফতানি কমার শঙ্কা তৈরি হয়েছে।
মূলত ইস্পাত আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিনের ওপরও শুল্ক আরোপ করতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। ফলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে খাদ্যপণ্যটির রফতানি বহুলাংশে কমে যাবে।