কৃষিপণ্যের বাজারে মিশ্র প্রবণতা



কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে সপ্তাহব্যাপী মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম ও ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় বাড়লেও উল্টো চিত্র দেখা গেছে সয়াবিনের দামে।
সর্বশেষ সপ্তাহে এখানে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম আগের সপ্তাহের তুলনায় ২১ সেন্ট কমেছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল গম বিক্রি হয় গড়ে ৪ ডলার ৬৮ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ কম। অন্যদিকে এ সময় প্রতি বুশেল ভুট্টার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৭ সেন্ট কমেছে। মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় গড়ে ৩ ডলার ৮৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯৮ শতাংশ কম। চলতি বছরের জানুয়ারির পর এটাই সিবিওটিতে ভুট্টার সর্বনিম্ন সাপ্তাহিক গড় দাম।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে গম রফতানি আগের সপ্তাহের তুলনায় ৫৮ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। একই সময় দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি বিগত চার সপ্তাহের গড়ের তুলনায় ৪৭ শতাংশ কম হয়েছে।
অন্যদিকে অন্যতম শীর্ষ উৎপাদনকারী ও রফতানিকারক দেশ আর্জেন্টিনার ভুট্টা উৎপাদনকারী অঞ্চলগুলোয় বিদ্যমান খরা পরিস্থিতির কারণে খাদ্যপণ্যটির উৎপাদন ও সরবরাহ কমে আসার সম্ভাবনার প্রভাব পড়েছে বাজারে। এসব কারণে সিবিওটিতে গম ও ভুট্টার সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে সয়াবিনের দামে। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১০ সেন্ট বেড়েছে। মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় গড়ে ১০ ডলার ৪৯ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক ৯৯ শতাংশ বেশি।