ঐক্যের পথে ওপেক-রাশিয়া



পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহে ভারসাম্য ফিরিয়ে কাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধিতে উত্তোলন হ্রাস সংক্রান্ত চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)।
জোটভুক্ত না হয়েও রাশিয়া চুক্তির শর্ত মেনে চলছে। এমন পরিস্থিতিতে জ্বালানি পণ্যটির বৈশ্বিক সরবরাহ খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ওপেক-রাশিয়ার ঐক্য ১০-২০ বছর ধরে অব্যাহত রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ সম্ভাবনার কথা জানিয়েছেন।
মোহাম্মদ বিন সালমান বলেন, জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ খাতে ওপেক-রাশিয়ার ঐক্য স্বল্পমেয়াদি। বছর বছর চুক্তি নবায়ন করতে হয়। জ্বালানি তেল খাতে স্বল্প মেয়াদের পরিবর্তে দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠায় সম্মত হয়েছে রিয়াদ ও মস্কো। এরই মধ্যে ১০-২০ বছর মেয়াদি ঐক্যের রূপরেখা তৈরিতে একযোগে কাজ শুরু হয়েছে। দীর্ঘমেয়াদে সৌদি-রুশ মিত্রতা জ্বালানি তেল খাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।
এ বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস মারকিটের ভাইস চেয়ারম্যান ড্যানিয়েল ইয়ারজিন বলেন, বৈশ্বিক জ্বালানি তেল খাতে যুক্তরাষ্ট্রের দ্রুত উত্থান ঘটছে। বর্তমানে জ্বালানি পণ্যটির কাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধিতে ব্যর্থতার পেছনে মার্কিন উত্তোলন খাতের চাঙ্গাভাব প্রভাবক হিসেবে কাজ করছে। এমন পরিস্থিতিতে এ খাতে দীর্ঘমেয়াদে সৌদি-রুশ মিত্রতার সম্ভাবনা নিয়ে সৌদি আরবের যুবরাজের এ বক্তব্য বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর জের ধরে আগামী দিনগুলোয় বৈশ্বিক জ্বালানি তেল খাতে তীব্র প্রতিযোগিতা দেখা দিতে পারে।