২৪ এপ্রিল থেকে চায়ের নতুন নিলাম বর্ষ শুরু



চলতি বছরের ১৩ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মৌসুমের সর্বশেষ (৪৪তম) আন্তর্জাতিক চা নিলাম। মাস না ঘুরতেই পরবর্তী নিলাম বর্ষের সূচি প্রকাশ করেছে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)। ২৪ এপ্রিল পরবর্তী নিলাম বর্ষের কার্যক্রম শুরু হবে। এবার মোট ৪৫টি নিলাম অনুষ্ঠিত হবে।
টিটিএবি ও চা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১২ মার্চের মধ্যে পরবর্তী বর্ষের ৪৫টি আন্তর্জাতিক নিলামের যাবতীয় প্রক্রিয়া শেষ করা হবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার চট্টগ্রামে এসব নিলাম অনুষ্ঠিত হবে।
এর মধ্যে আগামী ১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় নিলামটি আগের দিন (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। মূলত মে দিবসের ছুটির কারণে এ নিলাম একদিন এগিয়ে আনা হয়েছে। একই কারণে ২৫ ডিসেম্বর বড়দিন থাকায় অনুষ্ঠেয় ৩৪তম নিলাম পরদিন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
তবে আগামী ১৩ জুনের অষ্টম নিলাম, ৯ জুলাইয়ের নবম নিলাম, ১০ সেপ্টেম্বরের ১৭তম নিলাম যথাক্রমে শবেকদর, ঈদুল ফিতর, ঈদুল আজহার ছুটির মধ্যে পড়েছে। এসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় নিলামের পরিবর্তিত তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিগত নিলাম বর্ষে চায়ের সরবরাহ তুলনামূলক কম ছিল। এ কারণে ৪৫টির বদলে ৪৪টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। তবে এবার আগের মতোই ৪৫টি নিলাম আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।