গুগল, ফেসবুক, ইউটিউব থেকে রাজস্ব আদায়ে হাইকোর্টের নির্দেশ



সার্চ ইঞ্জিন গুগল, আমাজান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের বিজ্ঞাপন থেকে অবিলম্বে ভ্যাট-ট্যাক্স আদায়ের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়।
এছাড়াও এসব প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায়ের কেন নির্দেশ দেয়া হবে না-তার কারণ দর্শাতে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, বাংলদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, বিটিআরসির চেয়ারম্যান, সংশিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজস্ব ফাঁকির অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত ৯ এপ্রিল রিট দায়ের করেন হাইকোর্টের ছয়জন আইনজীবী। আদালতের আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মো. কাউছার, ব্যারিস্টার মাজেদুল কাদের, ব্যারিস্টার সাজ্জাদুল ইসলাম, এডভোকেট অপূর্ব কুমার বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি মোতাহার হোসেন সাজু।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের জানান, প্রযুক্তির যুগে গুগল, ফেসবুক এখন প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে বিজ্ঞাপন দেখতে আগ্রহী। দিন দিন এর ব্যবহার বাড়ছে। বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এ সুযোগে বিজ্ঞাপন প্রদর্শন করে এ দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে ইন্টারনেট সংশ্লি¬ষ্ট বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানসমূহ। কিন্তু সরকারকে এক টাকাও রাজস্ব দিচ্ছে না তারা। এ কারণে হাইকোর্টে রিট আবেদন করা হয়।