দাম কমেছে স্বর্ণের



পশ্চিমা দেশগুলোর সিরিয়ায় হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তেজিভাব দেখা দিয়েছিল। টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল মূল্যবান ধাতুটির দাম কমেছে। এদিন প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৪৩ ডলার ৩১ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। অন্যদিকে দেশটির বাজারে দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে স্বর্ণ বিক্রি হয় আউন্সপ্রতি ১ হাজার ৩৪৬ ডলার ৩০ সেন্টে। আগের দিনের তুলনায় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে দশমিক ২ শতাংশ।
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ সামরিক হামলা এবং রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জের ধরে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনায় সর্বশেষ সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ৩৬৫ ডলার ২৩ সেন্টে পৌঁছে যায়। চলতি বছরের ২৫ জানুয়ারির পর স্পট মার্কেটে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম। পরবর্তী সময়ে একদফা কমলেও গত তিন কার্যদিবসে স্বর্ণের স্পটমূল্যে ধারাবাহিক তেজিভাব দেখা গেছে। এ সময় ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি ডলারের দুর্বল মূল্যও স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।