দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরু থেকেই উঠানামার মধ্যে ছিল সূচক। দিন শেষে সবগুলো সূচকই ছিল নিম্নমুখী। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৭ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৮০৬ দশমিক ১৩ পয়েন্টে। এদিকে ৭ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ কমে ২ হাজার ১৭৯ দশমিক ৮৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ৫ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে ১ হাজার ৩৪৮ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৮০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৮৫ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৯২ কোটি ৪১ লাখ ১৯ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত ছিল ৫৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭৬ দশমিক ৪ পয়েন্টে নেমে যায়। আর ৮১ দশমিক ৮ পয়েন্ট কমে ১৬ হাজার ২৭৩ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৯১২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২১ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৩২৪ টাকা।
