কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা



আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে গম, ভুট্টা ও সয়াবিনের দামে তেজিভাব দেখা গেছে। এদিন সবচেয়ে বেশি বেড়েছে গমের দাম।
মূলত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় কৃষিপ্রধান এলাকাগুলোয় বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে সিবিওটিতে কৃষিপণ্যের দামে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
সিবিওটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে গমের দাম আগের দিনের তুলনায় ৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। দিন শেষে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম বিক্রি হয় ৫ ডলার ১৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২১ সেন্ট বেশি। অন্যদিকে এদিন ভুট্টার দাম বুশেলপ্রতি ৭ সেন্ট বেড়েছে। দিন শেষে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টা বিক্রি হয় ৪ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৮৩ শতাংশ বেশি। এদিকে সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। দিন শেষে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ৯ ডলার ৯৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩ সেন্ট বেশি।
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের কৃষিপ্রধান এলাকাগুলোয় কিছুদিন ধরেই খরা পরিস্থিতি বিরাজ করছে। তাপমাত্রা রয়েছে প্রয়োজনের তুলনায় বেশি। রয়টার্সের পণ্যবাজার-বিষয়ক বিশ্লেষক ওয়াং তাও বলেন, বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকায় কৃষিপণ্যের উৎপাদন ব্যাহত হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।