কৃষিপণ্যের গড় দামে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ভুট্টা ও গমের; তবে কমেছে সয়াবিনের।
চীন সয়াবিনের সবচেয়ে বড় ভোক্তা। পণ্যটি উৎপাদনে দেশটির অবস্থান বিশ্বে চতুর্থ। প্রচুর চাহিদার কারণে দেশটি যুক্তরাষ্ট্র থেকেও সয়াবিন আমদানি করে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত এক-তৃতীয়াংশ সয়াবিন চীনে রফতানি হয়। ২০১৭ সালে চীন যুক্তরাষ্ট্র থেকে ৩ কোটি ২৯ লাখ টন সয়াবিন আমদানি করেছে। পাল্টাপাল্টি শুল্কারোপের জের ধরে চীনারা মার্কিন সয়াবিন আমদানি কমিয়ে দেয়ায় সিবিওটিতে পণ্যটির দাম নিম্নমুখী হয়ে পড়েছে।
সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহ শেষে পণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ৭৫ সেন্ট কমে বুশেলপ্রতি (৬০ পাউন্ড) ৯ ডলার ৯৮ সেন্টে স্থির হয়।
এদিকে সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে ভুট্টার গড় দাম বেড়েছে ১ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহ শেষে পণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৬ সেন্ট বেড়ে ৪ ডলার ২৫ সেন্টে স্থির হয়।
চলতি বছর ব্রাজিলে ভুট্টা সম্পর্কে কোনাব ও ইউএসডিএর প্রাক্কলন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ কারণেই মূলত পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
অন্যদিকে এ সময় সিবিওটিতে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে গমের দাম বেড়েছে ২ দশমিক ৩২ শতাংশ। সপ্তাহ শেষে পণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৭৫ সেন্ট বেড়ে ৫ ডলার ১৮ সেন্টে স্থির হয়।
অস্ট্রেলিয়ায় কৃষিপ্রধান অঞ্চলগুলোয় চলমান শুষ্ক আবহাওয়া ও সাম্প্রতিক বছরগুলোয় ইউক্রেন ও রাশিয়ায় তুলনামূলক কম বৃষ্টিপাত গমের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি করেছে।
