কফির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে অ্যারাবিকা ও রোবাস্তা; দুই ধরনের কফির দামই আগের দিনের তুলনায় কমেছে। একই দিন পরিশোধিত চিনি ও কোকোর দামেও নিম্নমুখিতা দেখা গেছে। তবে অপরিবর্তিত ছিল অপরিশোধিত চিনির।
আইসিইর প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ কার্যদিবসে অ্যারাবিকা কফির দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। দিন শেষে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড অ্যারাবিকা কফি বিক্রি হয় ১ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৪৫ সেন্ট কম। অন্যদিকে এদিন রোবাস্তা কফির দাম আগের দিনের তুলনায় টনপ্রতি ৯ ডলার কমেছে। দিন শেষে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি টন রোবাস্তা কফি বিক্রি হয় ১ হাজার ৭৪৩ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।
সর্বশেষ কার্যদিবসে পরিশোধিত চিনির দাম টনে ১ ডলার ৮০ সেন্ট কমেছে। দিন শেষে আইসিইতে আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনি বিক্রি হয় ৩৫৩ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। তবে এদিন আগস্টে সরবরাহের চুক্তিতে অপরিশোধিত চিনির দাম পাউন্ডপ্রতি ১২ দশমিক ৪৬ সেন্টে অপরিবর্তিত ছিল।
এদিকে নিউইয়র্কের বাজারে সর্বশেষ কার্যদিবসে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্রতি টন কোকো বিক্রি হয় ২ হাজার ৫৮৯ ডলারে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ১৮ ডলার কম।
