পুলিশের বাড়িতেই চুরি করতে পছন্দ তার!



কুড়ি বছর বয়সী কমলজিৎ সিং পেশায় একজন চোর। এই চোরকে নিয়েই এখন শিরোনাম ভারত জুড়ে। মুম্বাইয়ের এই তরুণ চুরি করতে ঢুকে শুধুমাত্র পুলিশ কর্মীদের বাসা বাড়িতে।
ক’দিন আগে ভারতের কালিচৌকি এলাকার পুলিশ কর্মীদের কোয়ার্টারে ঢুকেছিল সে। কালিচৌকি থানার ইন্সপেক্টর দিলীপ উগালে বিবিসি বাংলাকে বলছিলেন, ‘ভোরের দিকে কনস্টেবল বিজয় বাণের কোয়ার্টারে ঢুকে ৬০ গ্রাম সোনা আর ২৮০০ টাকা নগদ চুরি করে। তারপরে একতলায় এক নারী কনস্টেবলের কোয়ার্টারের দরজা ভেঙ্গে ঢুকেছিল। পাশের ফ্ল্যাট থেকে যাতে কেউ বেরুতে না পারে, সেজন্য দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। তবে তিনতলার বাসিন্দা আরেক কনস্টেবল যশবন্ত রসমের নজরে পড়ে যায়।’
মি. রসম সাথে সাথেই সতর্ক করে দেন আরও দুজন সহকর্মীকে এরপর তিনজন পুলিশ কর্মী তাকে অনুসরণ করতে থাকেন। টের পেয়ে পালাতে করে কমলজিৎ। বেশি দূর পালাতে পারেন নি। অবশেষে আটক করা হয় তাকর। তবে এই প্রথম যে সে পুলিশ কর্মীদের বাড়িতে চুরি করল, তা নয়।
ওয়াদলা আর বাইকুল্লা এলাকার বেশ কয়েকটি পুলিশ আবাসনে আগে হানা দিয়েছিল কমলজিৎ সিং। এক পুলিশ কনস্টেবলের সার্ভিস রিভলবার আর ৩০ রাউন্ড গুলি চুরির অভিযোগও আছে তার বিরুদ্ধে। সেই ঘটনায় গতবছর গ্রেপ্তার হয়েছিলো কমলজিৎ। পরে জামিনে ছাড়া পেয়ে আবারও শুরু করেছিল পুলিশের ঘরে চুরি করতে।
মি. উগালে তখন বলছিলেন, ‘ও হয়তো ভেবেছিল আমাদের কোয়ার্টারে অন্য কোনও চোর ঢুকতে সাহস পাবে না। তাই অন্য আবাসনের মতো কড়া নিরাপত্তা থাকে না আমাদের কোয়ার্টারে। এবারেও পার পেয়ে যেত, তিনজন কনস্টেবল সন্দেহের বশে তার পিছু না নিলে।’