বিদ্যমান প্রবৃদ্ধির ধারায় বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই মাসের তুলনায় সাড়ে ৬ শতাংশের বেশি বেড়ে ১৫ কোটি টন ছাড়িয়েছে। এমনকি গত এপ্রিলের তুলনায় মে মাসে বৈশ্বিক ইস্পাত উৎপাদন বেড়েছে প্রায় ৬৬ লাখ টন।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার বিপরীতে চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্রসহ শীর্ষ উৎপাদনকারী দেশগুলোয় ইস্পাত উৎপাদনে চাঙ্গাভাব বজায় রয়েছে। এর প্রভাব পড়েছে পণ্যটির সামগ্রিক বৈশ্বিক উৎপাদনে।
ডব্লিউএসএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের মার্চে সংগঠনের আওতাভুক্ত ৬৪টি দেশে সব মিলিয়ে ১৪ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল। পরের মাসে বৈশ্বিক উৎপাদন বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ৮৩ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় গত এপ্রিলে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছিল ৪ দশমিক ১ শতাংশ। মে মাসে এসে উৎপাদনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। এ সময় পণ্যটির বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি। চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন ৬৬ লাখ টন বেড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ডব্লিউএসএ।
চলতি বছরের মে মাসে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে পণ্যটির সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ টনে। এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। চলতি বছরের এপ্রিলে ৭ কোটি ৬৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে চীনে অতিরিক্ত ৪৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। চীনে পণ্যটির উৎপাদনে এ চাঙ্গাভাবের প্রভাবে মে মাসে বৈশ্বিক ইস্পাত উৎপাদনেও তেজিভাব দেখা গেইস্পাত উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় গত মার্চে প্রথমবারের মতো জাপানকে টপকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে চলে গিয়েছিল ভারত। তবে মে মাসে তালিকায় ভারত একধাপ অবস্থান হারিয়েছে। এ সময় জাপানে মোট ৯১ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি। চলতি বছরের এপ্রিলে দেশটিতে ৮৭ লাখ টনের সামান্য কম ইস্পাত উৎপাদন হয়েছিল। অন্যদিকে গত মে মাসে ভারতীয় উৎপাদনকারীরা সব মিলিয়ে ৮৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি। গত এপ্রিলে দেশটিতে ৮৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, মাস শেষে ভারতে পণ্যটির উৎপাদন বেড়েছে ১ লাখ টন।
যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। চলতি বছরের মে মাসে দেশটিতে মোট ৭১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। গত এপ্রিলে দেশটিতে ৬৯ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। একই রকম প্রবৃদ্ধি দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ইস্পাত উৎপাদন খাতেও। গত মে মাসে দেশটিতে পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ টনে। চলতি বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় ৫৯ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল।
এদিকে গত মে মাসে তুরস্ক ও ইউক্রেনে যথাক্রমে ৩৩ লাখ ও ১৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় দেশ দুটিতে পণ্যটির উৎপাদন যথাক্রমে দশমিক ৫ শতাংশ ও ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দক্ষিণ আমেরিকার শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ ব্রাজিলে চলতি বছরের মে মাসে পণ্যটির উৎপাদনে মন্দাভাব বজায় ছিল। এ সময় দেশটিতে ইস্পাতের মোট উৎপাদন দাঁড়িয়েছে ২৭ লাখ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ কম। গত এপ্রিলে ব্রাজিলে ৩০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল।
