মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী লোপেজ ওব্রাদর



বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মেক্সিকো সিটির সাবেক মেয়র লোপেজ প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। লোপেজের প্রাপ্ত ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের দ্বিগুণেরও বেশি।
গতকাল রোববারের নির্বাচনে এ বিজয় দেশটির মূলধারার রাজনীতি পাল্টে দেওয়ার পাশাপাশি লোপেজ ওব্রাদরকে নতুন করে দেশ গড়ে তোলার একচেটিয়া অধিকার দিয়েছে।
নির্বাচনের পর তার প্রথম প্রকাশ্য মন্তব্যে লোপেজ ওব্রাদর জানিয়েছেন, দুর্নীতি নির্মূল ও ক্ষমাই হবে তার প্রশাসনের প্রাথমিক লক্ষ্য।
প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ’ সম্পর্ক চান বলেও জানিয়েছেন তিনি।
নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীই পরাজয় স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় লোপেজ ওব্রাদোরকে অভিনন্দন জানিয়েছেন।
মেক্সিকোর ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে আন্তনিও মিদ পরাজয় স্বীকার করে নিয়ে সমর্থকদের জানিয়েছেন, তিনি লোপেজের ‘সার্বিক সাফল্য’ কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী মিদ তৃতীয় স্থানে আছেন।
প্রাথমিক ফলাফল অনুযায়ী রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী রিকার্দো আনাইয়া তৃতীয় স্থানে আছেন।
লোপেজকে অভিনন্দন জানিয়েছে আনাইয়া বলেছেন, “তিনি জয়ী হয়েছেন। আমার অভিনন্দন। মেক্সিকোর ভালোর জন্য তার সার্বিক সাফল্য কামনা করছি আমি।”
এদিকে এক টুইটে ‘মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্ট হওয়ায়’ লোপেজ ওব্রাদোরকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।