পর্যটন নৌকা ডুবে থাইল্যান্ডের অবকাশ দ্বীপ ফুকেটের কাছে একটি অন্তত ২১ জন নিহত হয়েছেন। ডুবে যাওয়া নৌকাটির অধিকাংশ যাত্রী চীনা পর্যটক ছিলেন।
গতকাল থাই উদ্ধারকারী দল সমুদ্র থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেছে। ডুবে যাওয়া নৌকাটিতে ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই চীনা পর্যটক।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ের সময় পাঁচ মিটার (১৫ ফুট) উচু ঢেউয়ের ধাক্কায় ফিনিক্স নামের পর্যটন নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকে নিহতদের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময়ও মরদেহগুলোর পরনে জীবন রক্ষাকারী জ্যাকেট ছিল।
থাই নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল চারোয়েনফোন খুমরাসে জানান, সম্পূর্ণ ডুবে থাকা নৌকাটির কাঠামোর ভেতরে ১০টির বেশি দেহ ভেসে থাকার কথা জানিয়েছে ডুবুরি দল। এসব মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া এক চীনা নারীকে ফুকেটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে। তাকে ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে।
