দুই সপ্তাহ ধরে থাইল্যান্ডে আটকে পড়া ১২ কিশোর ফুটবলারের মধ্যে চারজনকে গুহা থেকে বের করে এনেছেন ডুবুরি দল। এদের মধ্যে সবচেয়ে দুর্বল কিশোরকে প্রথমে বের করে আনা হয়।
উদ্ধার চার কিশোরকে উন্নত চিকিৎসার জন্য কাছের নগরী চিয়াং থেইর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোটানাকোরন এ খবর দেন।
তিনি বলেন,স্থানীয় সময় বিকাল ০৫:৪০ মিনিটে (জিএমটি ১০:৪০) প্রথম কিশোরকে বের করে আনা হয়।
“উদ্ধার করে আনা চার কিশোরের সবাই ভালো আছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে। নতুন করে উদ্ধার অভিযানের প্রস্তুতির জন্য ১০ ঘণ্টা সময় লাগবে।”
মোট ৯০ জন ডুবুরি এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। তাদের মধ্যে ৫০ জন বিদেশি এবং ৪০ জন থাইল্যান্ডের।
থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি থাম লুয়াং। গত ২৩ জুন বেড়াতে গিয়ে বন্যার কারণে সৃষ্ট প্লাবনে আটকা পড়ে ফুটবল দলটি। এর ৯ দিন পর ২ জুলাই তাদের জীবিত থাকার খবর দেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি। প্রথমে ধারণা করা হচ্ছিল, এই গুহায় কিশোরের দল মাসব্যাপী থাকতে পারবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা করা হচ্ছে, আবারও বৃষ্টির পানি গুহায় ঢুকে যেতে পারে। তাই দ্রুত তাদের বের করে আনতে আজকের এ উদ্ধার অভিযান শুরু হয়।
