থাইল্যান্ডে গুহায় আটকে পড়া সবাই উদ্ধার



থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ১২ ফুটবলার ও তাদের কোচকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। থাই নেভি নিজেদের ফেসবুক পাতায় এ খবর নিশ্চিত করেছে।
এর আগে রোববার চারজন ও সোমবার চারজনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। আজ মঙ্গলবার চার ফুটবলার ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকারীরা।
ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “১২ ওয়াইল্ড বোয়ার ও তাদের কোচ গুহা থেকে বেরিয়ে এসেছে এবং তারা নিরাপদ আছে।”
‘ওয়াইল্ড বোয়ার’ ফুটবল দল ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনার মধ্যদিয়ে ১৭ দিনের ক্লান্তিকর এক অভিযান শেষ হতে যাচ্ছে।
অভিযানের চূড়ান্ত অংশে এখন সবাই তিন ডুবুরি ও একজন চিকিৎসকের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন। গুহার ভেতরে কিশোর ফুটবল দলটির সন্ধান পাওয়ার পর থেকে ওই চারজন তাদের সঙ্গে ছিলেন।
গত ২৩ জুন থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়ে।
ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক ঢলে গুহার ভেতর পানি ঢুকে তাদের বের হবার পথ বন্ধ হয়ে গিয়েছিল।
নিখোঁজ হওয়ার ১০দিনের মাথায় দুই ব্রিটিশ ডুবুরি গুহা থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে আংশিক ডুবে থাকা একটি চেম্বারের কর্দমাক্ত পাথরখণ্ডের উপর ক্ষুধার্ত ও অন্ধকারের সঙ্গে লড়াইরত দলটিকে খুঁজে পায়। এরপর শুরু হয় কিশোরদের উদ্ধারের রোমাঞ্চকর অভিযান।