বিশ্ব বাজারে স্বর্ণের দামে মন্দাভাব বজায় রয়েছে। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে মূল্যবান ধাতুটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। একই সঙ্গে এদিন রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের স্পটমূল্যও আগের দিনের তুলনায় কমেছে।
মূলত চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মের ব্রেক্সিট পরিকল্পনার বিরুদ্ধে প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগের জের ধরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুর বাজারে নিম্নমুখিতা বজায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রে স্বর্ণের স্পটমূল্য আগের দিনের তুলনায় দশমিক ৩৮ শতাংশ কমেছে। দিন শেষে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৫০ ডলার ৪৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭৬ সেন্ট কম। দিনের শুরুতে স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ২৪৬ ডলার ৮১ সেন্টে নেমেছিল। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গত এক সপ্তাহের মধ্যে এটাই মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দাম। স্পটমূল্যের পাশাপাশি এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতেও স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে দিন শেষে আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৫১ ডলার ৯০ সেন্টে।
মার্কিন বিনিয়োগ ব্যাংক বার্কলেসের নোটে বলা হয়, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের পাশাপাশি ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিসের পদত্যাগ আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতিতে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এর প্রভাবে স্বর্ণের দাম কমেছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৫ ডলার ৯৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭২ শতাংশ কম। একইভাবে দিন শেষে প্লাটিনামের স্পটমূল্য দশমিক ৫১ শতাংশ কমে আউন্সপ্রতি ৮৩৮ ডলারে বেচাকেনা হয়।
