‘আপনারা আমাকে পাপ্পু বলেন। আমার প্রতি আপনাদের অনেক হিংসা আছে। কিন্তু আমি আপনাদের সবাইকেই ভালবাসি। দেশে এই সংস্কৃতি চালু করেছে কংগ্রেস।’ আর এই কথা বলতে বলতে আচমকাই নিজের জায়গা ছেড়ে তিনি হেঁটে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনের কাছে। ওই অবস্থাতেই তিনি ঝুঁকে কার্যত জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রীকে। আর এই ‘তিনি’ টা হচ্ছেন ক্ষমতাসীন বিজেপির বিরোধী পক্ষ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
এই গোটা পরিস্থিতিতে কার্যত হকচকিয়ে যান নরেন্দ্র মোদীও। তবে কি এই দা-কুমড়া সম্পর্ক বন্ধুত্বে রূপ নিল?
না; এমনটা হয়নি। কারণ এর আগে রাহুল মোদীকে বলেন, ‘চৌকিদার নন, ভাগীদার প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি দেশের চৌকিদার। কিন্তু তিনি আসলে দুর্নীতির ভাগীদার। কারণ বিভিন্ন দুর্নীতির অংশীদার প্রধানমন্ত্রীও। রাফাল দুর্নীতি নিয়ে তোপ দেগে তিনি বলেন, বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী এই চুক্তিতে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছেন। বারবার প্রতিরক্ষা মন্ত্রীর নাম নেওয়া নির্মলা সীতারামন তীব্র প্রতিবাদ করেন।
স্পিকার যদিও বলেন, কংগ্রেস সাংসদের বক্তব্যের পর মন্ত্রীকেও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু সেই আর্জিতে বিজেপি সাংসদ মন্ত্রীরা কান না দিয়ে তুমুল হই হট্টগোল শুরু করেন। রাহুলের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। স্পিকার অল্প সময়ের জন্য অধিবেশন মুলতুবি করেন। ফের অধিবেশন চালু হলে রাহুল বক্তব্য রাখছেন।

