ফের ভোটের দাবিতে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি


paperslife

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন পাঁচ প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা।

কোটা সংরক্ষণ আন্দোলনের প্ল্যাটফর্ম সাধারণ ছাত্র অধিকার পরিষদ, প্রগতীশীল ছাত্রজোট, ছাত্র ফেডারেশন, স্বতন্ত্র জোট ও স্বাধিকার স্বতন্ত্র জোটের নেতাকর্মীরা দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে যান।

তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করলে কার্যালয়ের কলাপসিবল গেইট বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, “সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হতে হবে। ১১ মার্চের জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান চলতে থাকবে।”

এর আগে গতকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্য সব সংগঠন। আজ ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তাঁরা।

পুনর্নির্বাচন ছাড়াও আন্দোলনকারীদের আরও তিনটি দাবি রয়েছে। সেগুলো হলো উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদান।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির’ সভায় অভিষেকের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান প্রক্টর গোলাম রাব্বানী।