গেম এবার ইউটিউবেই


paperslife

গেম ডেভেলপারদের এক সম্মেলনে ব্রাউজারভিত্তিক ভিডিও গেম স্ট্রিমিং নিয়ে আসার ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল।

তবে এ সেবা চালুর দিন-তারিখ, সেবার মূল্য এবং কোন কোন গেম খেলা যাবে, সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

এর মাধ্যমে হার্ডড্রাইভে ইনস্টল করা বা ডিস্ক ব্যবহার ছাড়াই ইন্টারনেট ব্রাউজার অথবা ইউটিউবেই গেম খেলা যাবে।

এর ফলে ক্লাউড প্রযুক্তি এবং ডাটা সেন্টারের আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে রাজস্ব উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও ক্লাউড প্রযুক্তিতে এরই মধ্যে বাজারে স্থান করে নেয়া অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে গুগলকে।

নতুন এ প্রযুক্তির নাম দিয়েছে স্টাডিয়া দিয়েছে গুগল। এ সময় স্টাডিয়ার আকর্ষণীয় বর্ণনা দিলেও গেমার, ডেভেলপার এবং সমর্থিত গেম সম্পর্কে তেমন কিছুই বলেননি গুগলের ভাইস প্রেসিডেন্ট, ফিল হ্যারিসন। যদিও কি-নোটে ডুম এবং অ্যাসাসিনস ক্রিড গেম থেকে শিরোনাম ধার করেছেন তিনি। সঙ্গে এও বলেছেন, গুগল নিজেও কিছু গেম তৈরি করবে। গত মঙ্গলবার সানফ্রান্সিসকোয় অনুষ্ঠিত গেমস ডেভেলপারস কনফারেন্সে কি-নোট উপস্থাপন করেন  তিনি।

এ সম্মেলনে ভিডিও গেম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত প্রায় ২৫ হাজার প্রযুক্তিবিদ জড়ো হয়েছিলেন। এই স্ট্রিমিং সার্ভিস চালু হলে ইউটিউবে অন্যান্য ভিডিও দেখার মতোই গেম খেলা যাবে। পাশাপাশি যারা গেম বিপণন করে, তারা এখন গুগলের ক্লাউড প্রযুক্তি ও ডাটা স্টোরেজ সার্ভিসও ব্যবহার করতে পারবেন।

সম্মেলনে  গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইও একই কথা বলেছেন। তবে প্রযুক্তিবিদরা বলছেন, ডিস্কে গেম বিক্রির ব্যবসা এখনো রমরমা। এমন লোভনীয় বাজার ছেড়ে শীর্ষ ডেভেলপাররা গুগলের ক্লাউডে যেতে কতটা প্রস্তুত, সেটা সংশয়পূর্ণ।

এছাড়াও, বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠান গেম স্ট্রিমিংয়ের মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে  সনি, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান আছে। যেখানে সনি ও মাইক্রোসফট বর্তমানে গেমে ১০০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজার দখল করে আছে।