গত শুক্রবারে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত মুসলমানদের প্রতি সংহিত ও সমর্থন জানাতে শুক্রবার নিউ জিল্যান্ড জুড়ে হাজারো নারী মাথা ঢেকে বের হয়েছেন।
এক সপ্তাহ আগে উগ্র ডানপন্থি এক অস্ট্রেলীয় ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। তারপর থেকে সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন এমন আতঙ্কে দেশটির মুসলমান নারীরা হিজাব পরে ঘর থেকে বাইরে বের হতে ভয় পাচ্ছেন।
এরপর অকল্যান্ডের চিকিৎসক থায়া অ্যাশম্যান ‘হেডস্কার্ফ ফর হারমনি’ নামে একটি আন্দোলনের ডাক দিয়ে নিউজিল্যান্ডের জনগণকে মুসলমানদের প্রতি সমর্থন জানাতে শুক্রবার মাথা ঢেকে বাইরে বের হওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে অ্যাশম্যান বলেন, “আমি বলতে চেয়েছি, আমরা আপনার সঙ্গেই আছি। আমরা চাই আপনার নিজের রাস্তায় আপনি বাড়ির মত নিরাপদ বোধ করুন। আমরা আপনাকে ভালোবাসি, সমর্থন করি ও সম্মান করি।”
আজ মাথায় কাপড় দিয়ে আসার আহ্বানে অনেক নারীকে সাড়া দিতে দেখা গেছে। ক্রাইস্টচার্চ ছাড়াও অকল্যান্ড ও ওয়েলিংটনের অনেক নারী মাথা স্কার্ফ দিয়ে ঢেকে ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক শিশুকেও স্কার্ফ পরতে দেখা গেছে।
বেল সিবলি নামে ক্রাইস্টচার্চের এক নারী আজ তাঁর হিজাব পরার কারণ তুলে ধরে বলেন, কেউ একজন বন্দুক তুলে ধরলে তিনি বন্দুকধারী ও নিশানায় থাকা ব্যক্তির মাঝখানে দাঁড়াবেন। যাতে বন্দুকধারী দুজনের মধ্যে কোনো তফাত খুঁজে না পায়।

