রাজধানীতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পরামর্শ


রাজধানীতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পরামর্শ

আগুন নেভানোর কাজে পানির সরবরাহ সহজ করতে রাজধানীতে প্রয়োজনীয়সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণকাজে ব্যবহৃত বিশেষ পানিকল) স্থাপন করার জন্য ঢাকা ওয়াসাকে ব্যবস্থা নিতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।

গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা হয়। এসময় বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর পর পানির উৎস খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। তিনি অন্যান্য দেশের ফায়ার সার্ভিস উদাহরণ টেনে রাজধানীতে প্রয়োজনীয়সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের  পরামর্শ দেন।

বৈঠকে গত পাঁচ বছরে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত টিআর, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), ব্রিজ/কালভার্ট নির্মাণ, ত্রাণসামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ পরীক্ষা নিরীক্ষার জন্য একটি উপকমিটি গঠন করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য প্রতিমন্ত্রী এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, সহ আরও অনেকে বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ফায়ার হাইড্রেন্ট সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত বিশেষ একধরনের পানিকল। এসব মুলত রাস্তার ধারে   স্থাপন করা হয়। এই কলের সঙ্গে নল যুক্ত করে ফায়ার সার্ভিসের কর্মীরা এই পানি আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারেন।