বিশ্বকাপ ক্রিকেটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দুই মাসেরও কম সময় আছে ক্রিকেটের সব থেকে বড় এ বৈশ্বিক টুর্নামেন্টের। আগামী ৩০ মে ক্রিকেটের তীর্থ ভূমি ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের ১২তম আসর।
আইসিসি’র বেঁধে দেয়া ২৩ এপ্রিলের মধ্যেই সব দলকে ঘোষণা করতে হবে বিশ্বকাপের চূড়ান্ত দল। সব ঠিক থাকলে ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমনটাই জানিয়েছেন বিসিবি’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপের মূল দলে থাকবে ১৫ জন। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে ৫ থেকে ৬ জনকে।
প্রায় তিন মাস সফরে দেশের বাইরে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে আয়ারল্যান্ড সফর দিয়ে শুরু। এর ইংল্যান্ড ও ওয়েলস খেলতে যাবে বিশ্বকাপ। এত লম্বা সফরের জন্য তাই ক্রিকেটারদের খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা চাইলে তাদের খাবারের প্রয়োজনীয়তার ব্যাপারটি মাথায় রেখে একজন বাবুর্চি পাঠানোর চিন্তা করছে। ক্রিকেট বোর্ড।
আকরাম খান বলেন, ‘ব্রিটেনে বাংলা খাবারে সমস্যা নেই। এরপরও খেলোয়াড়রা চাইলে বাবুর্চি পাঠাবো আমরা।’

