বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ক্রীড়াঙ্গনে বিভিন্ন অবদানের জন্য ক্রীড়াবিদদের দিতে চলেছে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’। আগামী ৬ এপ্রিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বেলা সাড়ে ৩টায় শুরু হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুধু ক্রীড়াবিদ নয়, এর সাথে সংশ্লিষ্ট সংগঠক এবং পৃষ্ঠপোষকের কাজের স্বীকৃতি হিসেবে তাদের হাতেও তুলে দেওয়া হবে পুরস্কার।
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম, জাতীয় মহিলা দলের ক্রিকেটার রুমানা আহমেদ এবং শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৮-র সংক্ষিপ্ত তালিকায় এই তিন জন ছাড়াও রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খান।
অনুষ্ঠানে সর্বমোট ১২টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। ১৯৬৪ সালে বিএসপিএ দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।
গতকাল (সোমবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। এসময় উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ রনি, বিএসপিএ যুগ্ম-সম্পাদক ও খেলোয়াড় যাচাই-বাছাই উপ-কমিটির সদস্য সচিব মিথুন আশরাফ এবং উৎসব উপ-কমিটির চেয়ারম্যান রেজওয়ান উজ জামান রাজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী।

