চাঁদা না দেয়ায় ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করল সন্ত্রাসীরা



চট্টগ্রামে চাঁদা না পেয়ে ড্রিল মেশিন দিয়ে এক যুবকের দুই পায়ে ছিদ্র করল সন্ত্রাসীরা।

আহত মো. আমজাদ হোসেন হাদু মাঝির দোকান এলাকার বাসিন্দা মো. আজিমের ছেলে।

আমজাদকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবা ও ভাইও।

নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া রেলগেইট এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এবিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে বাবা ও দুই ছেলেকে মারধর করেছে সন্ত্রাসীরা। একজনকে পায়ে ড্রিল করা হয়েছে। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে আমজাদের চাচাতো ভাই মো. নাসির জানান, হাদু মাঝির দোকান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. আজিম।

তিনি দাবি করেন, তার কাছে একমাস আগে এক লাখ টাকা চাঁদা দাবি করে কথিত যুবলীগ নেতা এসরামুল হক এসরালের অনুসারীরা।

টাকা দিতে অস্বীকার করলে তারা ওই সময় দোকানে হামলা চালায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন আজিম। বিষয়টি সন্ত্রাসীরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে।

বৃহস্পতিবার রাতে স্বপরিবারে হাজীরপুল এলাকায় দাওয়াত খেতে যান মো. আজিম।

রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের রেখে একা সিএনজি অটোরিকশা করে বাসায় ফিরে আসছিলেন মো. আমজাদ। শমসের পাড়া রেলগেইট এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশা থামিয়ে তাকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর করা হয়। এরপর তার বাবাকে ফোন করে টাকা নিয়ে আসতে বলে সন্ত্রাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মো. আজিম। টাকা না আনায় বাবার সামনে ছেলেকে ড্রিল মেশিন দিয়ে পায়ে ড্রিল করে তারা। তাকেও মারধর করা হয়। ভাই ও বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন আরাফাত হোসেন।

পরে স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।