জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই



বাংলা সিনেমার জনপ্রিয় কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলি সামাদ মারা গেছেন। ৬ এপ্রিল শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তার মেয়ে জানান, দীর্ঘদিন থেকেই বিভিন্ন রকম অসুখে ভুগছিলেন তিনি।

গত কয়েকদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে এই হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেই চিকিৎসাধীন সময়ে শনিবার টেলি সামাদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন টেলি সামাদ। ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন। জনপ্রিয় এই অভিনেতা ঢাকাই চলচ্চিত্রে প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।