খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। লিগ জিততে এই জয়ের বিকল্প ছিল না। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে পয়েন্ট ব্যবধান কমত দুই দলের। কিন্তু শেষ দশ মিনিট মেসি ও সুয়ারেজের গোলে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১ তে।
আর এই জয়ের মধ্য দিয়ে লা লিগায় জয়ের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। যেখানে তার উপরে আর কেউ নেই।
শিরোপা এবার বার্সেলোনার ঘরে যাচ্ছে অনেকটাই প্রত্যাশিত। মেসির জন্য অপেক্ষা ছিল একটি ম্যাচ জয়ের। সেই জয়ে বার্সাকে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে দিয়ে সর্বোচ্চ সংখ্যক জয়ের রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
এর আগে রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াসের সঙ্গে সমান ৩৩৪ জয় নিয়ে রেকর্ডটিতে ভাগ বসিয়েছিলেন মেসি। কাল লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ৩৩৫তম জয় তুলে নিয়ে রেকর্ডটির একক দখল নিলেন এই আর্জেন্টাইন। লা লিগায় সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জয়ের এই রেকর্ড গড়তে তিনি ম্যাচ খেলেছে ৪৪৭টি।
মেসি বার্সার মূল দলে খেলছেন প্রায় ১৫ বছর। ২০০৪ সালে বার্সার মূল দলে অভিষেক ঘটে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের।
ক্যাসিয়াসের আগে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি দখলে রেখেছিলেন আরেক গোলরক্ষক। বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের গোলপোষ্ট সামলানো আন্দোনি জুবিজারেতা (৩৩৩ ম্যাচ)। ৩২৪ ম্যাচ জিতেছেন রিয়ালের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস। বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ জিতেছেন ৩২২ ম্যাচ।

