আফ্রিকার ধনী ব্যক্তি যিনি!



আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি আলিকো দাংগোত। তাঁর সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ কোটি ডলার (প্রায় ৮৪ কোটি টাকা) তোলা তাই আলিকো দাংগোতের পক্ষে অস্বাভাবিক কিছু নয়।

আলিকো এই কাজটি করেছিলেন শুধুমাত্র চাক্ষুষ করার জন্য। বিস্ময়কর হলেও সত্যি, শুধুমাত্র কাগজের উপর ছাপা কিছু সংখ্যা নয়, বরং অর্থের যে আসলেই অস্তিত্ব আছে তা অনুভব করার জন্যই তিনি এমনটি করেছিলেন।

আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত মো ইব্রাহিম ফোরামের এক সভায় নাইজেরিয়ার বিলিয়নিয়ার আলিকো এমনটাই বলেছেন। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তরুণ বয়সে প্রথমবার মিলিয়নিয়ার হওয়ার অনুভূতিটা গুরুত্বপূর্ণ। এরপরে আসলে সংখ্যাটা আর তেমন কোনো প্রভাব ফেলে না। একদিন আমি ব্যাংক থেকে ১ কোটি ডলার তুললাম। এরপর গাড়িতে করে ডলারগুলো বাড়িতে নিয়ে গেলাম। আমি ডলারগুলো দেখলাম এবং ভাবলাম, ‘এবার আমি সত্যিই বিশ্বাস করি, আমার অর্থ আছে।’ এর পরদিন গিয়ে আবার ডলারগুলো ব্যাংকে রেখে এসেছিলাম।’

আলিকো তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন নিজের অভিজ্ঞতা থেকে। তিনি তরুণদের সতর্ক করে বলেছেন, প্রথমবার ব্যবসায় সাফল্য পেয়েই আত্মতুষ্টিতে না ভোগে।

আলিকো বলেন, ‘আফ্রিকায় একটা জিনিস প্রায়ই ঘটে। আমরা যা উপার্জন করব বলে ধারণা করি, তার বেশির ভাগটাই খরচ করে ফেলি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবসায় উত্থান ও পতন—দুটোই আছে।’